১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত প্রথম সংসদ নির্বাচনে জাসদ মশাল প্রতীকে নির্বাচন করে ২৩৭টি আসনে প্রার্থী দিয়ে ১টি আসনে বিজয়ী হয়।
দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি। এতে জাসদ ২৪০ টি আসনে প্রার্থী দিয়ে ৮টিতে বিজয়ী হয়।
১৯৮৬ সালের ৭মে অনুষ্ঠিত তৃতীয় সংসদ নির্বাচন অংশ নেয় জাসদ (রব) ও জাসদ (শাজাহান সিরাজ) । ১৩৭ টি আসনে প্রার্থী দিয়ে জাসদ (রব) পায় ৪টি আসন। অন্যদিকে, ১৪টি আসনে প্রার্থী দিয়ে জাসদ (সিরাজ) পায় ৩টি আসন।
১৯৮৮ সালের চতুর্থ সংসদ নির্বাচনে আ স ম রবের নেতৃত্বাধীন সম্মিলিত বিরোধী দল ২৬৯টি আসনে প্রার্থী দিয়ে ১৯ টিতে বিজয়ী হয়।
পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি। সেই নির্বাচনে জাসদ (শাজাহান সিরাজ), জাসদ ( ইনু) ও জাসদ ( রব) অংশ নিলেও নির্বাচিত হন কেবল শাজাহান সিরাজ।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াত ভোট বর্জন করে। নির্বাচনে বিএনপির ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
১৯৯৬ সালের ১২ জুনের (সপ্তম সংসদ) নির্বাচনে জাসদ (রব) ৭৬ টি আসনে প্রার্থী দিয়ে একটি আসনে জয়ী হয়। ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচনে জাসদের কোনো প্রার্থী বিজয়ী হতে পারেননি।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনে জাসদ (ইনু) ৬টি আসনে প্রার্থী দিয়ে ৩টিতে বিজয়ী হয়। অন্যদিকে, জেএসডি (রব) তারা প্রতীকে ৪৪টি আসনে নির্বাচন করে সবগুলো আসনে পরাজিত হয়।
দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৪ সালে। হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ ৫টি আসনে বিজয়ী হয়।
একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। সেই নির্বাচনে জাসদ (ইনু) ১২টি আসনে প্রার্থী দিয়ে ৩টিতে বিজয়ী হয়। অন্যদিকে, রবের নেতৃত্বাধীন জেএসডির কেউ বিজয়ী হতে পারেননি।
সবশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে জাসদের (ইনু) প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন বগুড়া–৪ আসনে বিজয়ী হন। তবে কুষ্টিয়া-২ আসনে পরাজিত হন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা দলের সভাপতি হাসানুল হক ইনু। বাংলাদেশ জাসদ (আম্বিয়া) ও জেএসডি (রব) এই নির্বাচন বর্জন করে।
